১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে অংশ নেয়ায় যাদের উপর তত্কালীন পাক সরকারের খড়গ নেমে এসেছিল, তাদের একজন আজিম উদ্দিন। সে সময় তিনি পড়তেন দশম শ্রেণিতে আঞ্জুমান উচ্চ বিদ্যালয়ে। ভাষা আন্দোলনে অংশ নেয়ার ‘অপরাধে’ নেত্রকোনার তত্কালীন প্রশাসন সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তাকে চিরদিনের জন্য স্কুল থেকে বহিষ্কার করে। আর কোন শিক্ষা প্রতিষ্ঠানেও তিনি লেখাপড়া করতে পারেননি। বহিষ্কারের ৬২ বছর পর গতকাল শুক্রবার অঞ্জুমান উচ্চ বিদ্যালয়ে আজিম উদ্দিনের ছাত্রত্ব ফিরিয়ে দেয়ার ঘোষণা দেয়া হয়। গতকাল ছিল উচ্চ বিদ্যালয়টির শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার শত শত শিক্ষার্থীর উপস্থিতিতে এই ঘোষণা দেন। এসময় আজিম উদ্দিনও মঞ্চে উপস্থিত ছিলেন।
ভাষা সৈনিক আজিম উদ্দিনের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঝাঞ্জাইল বাজারে।