ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক নিহত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর গ্রামে সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আসলাম মণ্ডল (২৭) নাম এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরো একজন। নিহত আসলাম মণ্ডল  একই উপজেলার হাকিমপুর গ্রামের আইনাল মণ্ডলের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, হরিনাকুণ্ডু উপজেলার চাঁদপুর গ্রামে সন্ধ্যা থেকে ওয়াজ মাহফিল শুরু হয়। মাহফিলের পাশে রাত সাড়ে ৯ টার দিকে  হাকিমপুর গ্রামের রাজা মালিথা ও চাঁদপুর গ্রামের আবু সায়েদ সেভেন আপ চুড়ি নামের এক ধরনের লটারি খেলছিল। এ সময় তাদের ভিতর কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে রাজা মালিথাকে ছুরিকাঘাত  করে আবু সায়েদ।  রাজার চাচা আসলাম মণ্ডল বাঁধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাতে আহত করে সায়েদ। পরে স্থানীয়রা তাদের দু’ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। সাড়ে ১০টায় কতর্ব্যরত চিকিত্সক আসলামকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানায় মামলা হয়েছে।