খালেদার হুংকার কাজে আসবে না: মির্জা আজম

পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার হুংকার কোন কাজে আসবে না। নির্বাচনী ট্রেন ফেল করা খালেদার আগের আন্দোলন মোকাবেলায় মাঠে শুধু পুলিশ ছিল। এবারের আন্দোলনের নামে যানবাহনে পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যার প্রতিকারে পুলিশের পাশাপাশি আ’ওয়ালীগ-ছাত্র-যুবলীগও মোকাবেলা করবে।’
মন্ত্রী গতকাল শুক্রবার জামালপুরের মেলান্দহ নাংলা ইউনিয়নের নইলেরঘাটে ৫৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দ্বিতল ভবন কমিউনিটি ক্লিনিক’র শুভ উদ্বোধন শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় এক সমাবেশের বক্তব্যে এ কথা বলেন। প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা।
মন্ত্রী আরো বলেন, ‘বিএনপি’র আমলে ৫শ’ টাকার সার দুই হাজার টাকায় কিনতে হয়েছে। সার-তেলের জন্য মানুষ মারা গেছে। ফসলের দিকে তাকালে বুঝা যেত কোন কৃষক আ’ওয়ালীগ আর কোন কৃষক বিএনপি’র। আমরা প্রতি কেজি সার ১৬ টাকায় দিচ্ছি। যা এক কেজি পানির মূল্য ২০ টাকার চেয়েও কম।’
সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান, ইউএনও রেজাউল করিম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক নিরঞ্জন চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।