শেরপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন মজনু

শেরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজিবর রহমান মজনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তার প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আব্দুর নূর গত ২৪ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় এই পদে প্রার্থী এখন একজন। ফলে আওয়ামী লীগ নেতা মজিবর রহমান মজনুর উপজেলা চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত বলা যায়। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, পঞ্চম দফায় এই উপজেলা পরিষদ নির্বাচনে গত ১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে স্বতন্ত্র হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক জানে আলম খোকার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন বাতিল হয়ে যায়। এরপর তিনি আর আপিল করেননি। আরেক প্রার্থী এনপিপির নেতা আব্দুর নুর প্রার্থিতা প্রত্যাহার চেয়ে নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন। ফলে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা মজিবর রহমান মজনু উপজেলা চেয়ারম্যান হতে যাচ্ছেন।