সরকারি-বেসরকারি স্কুলগুলোতে তৃতীয় শ্রেণিতে ভর্তির নামে শিশুদের ওপর ‘মনস্তাতিক’ নির্যাতন বন্ধের দাবিতে মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ।
স্মারকলিপিতে বলা হয়, যে শ্রেণিতে ভর্তি পরীক্ষা সেই শ্রেণির উপযোগী প্রশ্নপত্র হওয়া উচিত। সব শিশুরাই সমান মেধার অধিকারী। উপযুক্ত পরিবেশ এবং সহযোগিতার অভাবে শিশুদের মেধা বিকাশের তারতম্য ঘটে। তাই বর্তমানে তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিল করা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। সরকারের প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত অথচ সরকারি মাধ্যমিক স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে অসংঙ্গতিপূর্ণ। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ডোনেশন ও বিভিন্ন নামে ফি নিয়ে তা শিক্ষা উন্নয়নে ব্যয় করা কতটুকু যথার্থ তা বিবেচনা করতে হবে। এছাড়া ভর্তি কোচিংয়ের নামে চলছে কোচিং বাণিজ্য। অর্থ ও মানসিক চাপে অভিভাবক এবং শিশুরা। এ যেন রেসকোর্স ময়দানের ঘোড়দৌড় প্রতিযোগিতা, আমার সন্তানকে চান্স পেতেই হবে। শিক্ষা প্রতিটি শিশুর অধিকার, এই অধিকার বাস্তবায়িত করতে হবে সরকারকেই।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের আহবায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসিন, ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য মফিদুল ইসলাম, নারী নেত্রী শামীমা সুলতানা শীলু, বাংলাদেশ মানবাধিকার সংস্থার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম প্রমুখ।