ম্যানসিটির টানা সপ্তম জয়



এ বছর ইংলিশ প্রিমিয়ার লিগের অপ্রতিরোধ্য চেলসির পেছনে ভালোই ধাওয়া করে চলেছে ম্যানচেস্টার সিটি। গতরাতে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা সাতটি ম্যাচ জিতল মানুয়েল পেল্লেগ্রিনির দল।

ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের গোলরক্ষক বেন ফস্টার একটা ক্রস ধরতে ব্যর্থ হওয়ায় বল পেয়ে যান ফের্নান্দো। সুযোগটি হাতছাড়া করেননি ব্রাজিলের এই মিডফিল্ডার। পাঁচ মিনিট পরই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইয়াইয়া তুরে। দাভিদ সিলভাকে ডি-বক্সে ফাউল করা হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ৩৪তম মিনিটে সহজ গোলে ব্যবধান ৩-০ করে ফেলে অতিথিরা। ডি-বক্সে ফের্নান্দোর কাছ থেকে পাস পেয়ে হেসুস নাভাস বল পাঠিয়েছিলেন সিলভাকে। কোনাকুনি দারুণ শটে দূরের পোস্ট দিয়ে গোল করেন স্পেনের এই মিডফিল্ডার।
বৃষ্টির পর তুষারপাতের কারণে দ্বিতীয়ার্ধে স্বাভাবিক খেলা খেলা যায়নি। এর মধ্যেই গোল শোধের জন্য মরিয়া স্বাগতিকরা বেশ কয়েকটি সুযোগ পায়। অবশেষে ৮৬তম মিনিটে সিটি গোলরক্ষক জো হার্টের ভুলে সান্ত¡নার গোলটি পায় ওয়েস্ট ব্রম।