ভাঙ্গুড়ায় ছাত্র পেটানোর ঘটনায় স্কুল প্রাঙ্গণে এলাকাবাসীর বিক্ষোভ

ভাঙ্গুড়ায় শিক্ষক ছাত্র পেটানোর ঘটনায় মঙ্গলবার এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করে। ছাত্র-ছাত্রীরাও ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ নেয়। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন। ঘটনাটি উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের রূপসী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঘটে।

প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বলেন, ইকলাস এবারের এসএসসি পরীক্ষার্থী। সোমবার তার ব্যবহারিক পরীক্ষা ছিল; কিন্তু সে বহিরাগত ছাত্রদের বিদ্যালয়ে এনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ জন্য একজন শিক্ষক তাকে প্রহার করেন। এর প্রতিবাদে ইকলাস তার সঙ্গীদের নিয়ে ঐ শিক্ষকের উপর চড়াও হয় এবং তাকে মারপিট করে।

ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে চিকিত্সারত আহত ইকলাস বলেন, আমি পরীক্ষার খাতা স্বাক্ষর করাতে গিয়েছিলাম; কিন্তু খাতা স্বাক্ষরের জন্য দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় আমাকে রাসেদুল ও সাঈদ স্যার মিথ্যা অপবাদে নির্যাতন করে গুরুতর আহত করেন। আমার কোনো অপরাধ ছিল না।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্র-শিক্ষক দুই জনই বেপরোয়াভাবে গণ্ডগোল করেছেন। এটাকে ইস্যু করে একটি পক্ষ আইন-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে পুলিশ তা প্রতিহত করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম বলেন, আমি বিষয়টি তদন্তের জন্য মঙ্গলবার ঘটনাস্থলে গিয়েছিলাম; কিন্তু গ্রামের কতিপয় ব্যক্তির হুর-হাঙ্গামার কারণে ফিরে এসেছি। মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।