সিদ্ধিরগঞ্জে পানির ট্যাংক ধসে ২ জনের মৃত্যু

 
নারায়ণগঞ্জে পানির ট্যাংক ধসে দুইজন মারা গেছেন। রবিবার দুপুর সোয়া একটার দিকে মহানগরীর সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকায় মোহাম্মদ আলীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝর্ণা বেগম(৫৫) ও আবদুর রব(৬০)। এ ঘটনায় সুরাইয়া আক্তার শিখা (৭) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। নিহত ও আহতরা মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া।
নিহত ঝর্নার ছেলে ওয়াসিম জানান, দুপুর সোয়া একটার দিকে সিমেন্টের তৈরি বাড়ির পানির ট্যাংকটি ধসে পড়ে। এ ঘটনায় তার মা ঝর্না বেগম, আবদুর রব ও শিখা গুরুতর আহত হলে তাদেরকে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়। 
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমিনুল ইসলাম জানান, তিনজনের মধ্যে ঝর্না বেগম মারা গেছেন। বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে আবদুর রব মারা যায়।
ঝর্ণা ও আবদুর রবের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন।