দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মসজিদের ঈমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ হয়। এতে ৪জন গুরুতর আহত হয়। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মুজিদুল (৩২) মারা যান। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার কুন্দারামপুর গ্রামে।
জানা গেছে, কুন্দারামপুর গ্রামে একটি মসজিদের ঈমামকে রাখা না রাখা নিয়ে একই গ্রামের দুইপাড়ার মধ্য দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন পশ্চিমপাড়ার লোকজন ঈমামকে নিয়োগ নিয়ে আলাপ আলোচনা কালে পূর্ব পাড়ার লোকজন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে পশ্চিমপাড়ার লোকজনের উপর হামলা চালায়। এতে পশ্চিমপাড়ার আবু তাহের (৫০), ইমদাদুল (৩৫), জামাল (৩৩) ও মজিদুল (৩২) গুরুতর আহত হন। আহতদের ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুজিদুল মারা যান।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় জামাল উদ্দীন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তাৎক্ষণিক ওই গ্রাম থেকে এজাহার ভূক্ত ১২জন আসামির মধ্যে ৮জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- গোলাম মোস্তফা (৪৫), তারা মিয়া (২৮) মনোয়ার (২২), বকুল (৫৩), রুবেল (৩৩), এরশাদ (৩৪) মামুন (২৮) ও ইয়াছিন (২৯)।