বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে রবিবার বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবির একাধিক দলকে টহল দিতে দেখা গেছে।
পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৪২টি বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে প্রতিটি ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। প্রতি কেন্দ্রেই পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।
ভোট কেন্দ্রের ভেতরে-বাইরে কোথাও প্রার্থীদের সমর্থকদের মধ্যে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে বিনা অনুমতিতে মোটরসাইকেল চালানোর দায়ে ১৫টি মোটরসাইকেল চালকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।
রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার ইউনুস আলী বলেন, ভোট গ্রহণে অনিয়মের কোথাও কোন অভিযোগ পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশেই ভোটাররা তাদের ভোট দিয়েছে।