হরতাল প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআই’র

 
 
বর্তমান স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক কর্মসূচির নামে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি হলে ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে এবং রাস্তায় নামতে বাধ্য হবে বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা সমুন্নত রাখার স্বার্থে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সোমবার দেশব্যাপী হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছে এফবিসিসিআই।
 

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই এর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, গত ২০১৩ সালে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাওয়া ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচীর কারণে জাতীয় অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছিল তা সকলের ঐকান্তিক প্রচেষ্টায়  কাটিয়ে উঠছে এবং অর্থনীতিক সকল সূচকে ২০১৪ সালে ইতিবাচক দিক পরিলক্ষিত হচ্ছে, সে মুহুর্তে আবারও হরতাল কর্মসূচী অর্থনীতির অগ্রযাত্রাকে ভীষণভাবে ব্যাহত করবে।