বাংলা চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন জেটি পর্যন্ত বাংলা চ্যানেলের প্রায় সাড়ে ১৪ কিলোমিটার নবমবারের মতো সাগর পাড়ি দিয়েছেন সাঁতারু লিপটন সরকার ও তৃতীয়বারের মো. মনিরুজ্জামান।

সাঁতারের পরিকল্পনাকারী সাজ্জাদ খান বলেন, গতকাল রবিবার দুপুর ১২টা ১২ মিনিটে শাহপরীর দ্বীপ জেটি থেকে শুরু হয় বাংলা চ্যানেল সাঁতার ২০১৪ নামের এই অভিযান। সন্ধ্যা ৬টা ৪৫ মি. লিপটন সরকার ও মো. মনিরুজ্জামান সের্ন্টমাটিনে একসঙ্গে একই সময় পৌঁছেন। ছয় ঘণ্টা ২৩ মিনিটে এই পথ অতিক্রম করে দুই সাঁতারু। এর আগে লিপটন সরকার আটবার ও মনিরুজ্জামান দুইবার এই চ্যানেল পাড়ি দিয়েছেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ চ্যানেলে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা আছে। এক্সট্রিম বাংলা ও এভারেস্ট একাডেমি আয়োজিত এ অভিযানে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ নৌবাহিনী। পৃষ্ঠপোষকতা করেছেন অব রোড বাংলাদেশ ও ষড়জ।