যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ২০১৫-১৬ সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার দুপুরে বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে গঠিত কমিটির পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান এবং এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক দর্পণ কবীর।
এছাড়া নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ সহ-সভাপতি, দৈনিক ইত্তেফাকের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম যুগ্ম সম্পাদক, নিউইয়র্কভিত্তিক বাংলা টিভির রিজু মোহাম্মদ কোষাধ্যক্ষ এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানার সম্পাদক লাবলু আনসার, সাপ্তাহিক প্রবাসের প্রধান সম্পাদক সৈয়দ ওয়ালি উল-আলম, দৈনিক আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি ফরিদ আলম এবং এনটিভি ইউএসএ’র বার্তা প্রধান তাওহীদুল ইসলাম কার্যনির্বাহী সদস্য হয়েছেন।
সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এখনসময় সম্পাদক কাজী শামসুল হক, ভয়েস অব আমেরিকার ইন্টারন্যাশনাল ব্রডকাস্টার ফকীর সেলিম, সাপ্তাহিক আজকালের সিনিয়র রিপোর্টার মনজুরুল হক, ফোকাস বাংলা’র সিনিয়র ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, সাপ্তাহিক ২০০০-এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি আকবর হায়দার কিরণ, সাংবাদিক শরীফ সাহাবুদ্দিন, বাংলা টিভির পরিচালক সাজ্জাদ হোসাইন, সাপ্তাহিক প্রবাসের বিশেষ প্রতিনিধি শামছুল আলম লিটন, জেমিনি সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।
সাধারণ সভায় দেশ ও প্রবাসে সাংবাদিক নিপীড়ণ ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। এছাড়া যেসকল সাংবাদিক ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভায় সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের কোনো সুরাহা না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিকরা।