সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ভারতে পাচারকালে ৮৩টি চামড়া উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। উদ্ধার করা চামড়ার মধ্যে ২৮টি গরু ও ৫৫টি ছাগলের।
সোমবার দুপুর ১২টার দিকে তলুইগাছা সীমান্তের ভবানীপুর পাকা সড়কের উপর থেকে এসব চামড়া উদ্ধার করা হয়। তবে, বিজিবি এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপির নায়েক সুবেদার আব্দুর রব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সাতক্ষীরা তলুইগাছা সীমান্ত দিয়ে চামড়ার বড় একটি চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে ৮৩টি চামড়া উদ্ধার করা হয়। তবে এ সময় চোরাকারবারীরা চামড়া ফেলে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি। উদ্ধারকৃত চামড়ার মূল্য এক লাখ ৫৫ হাজার টাকা।