মহালছড়িতে বিএনপির অফিস ভাংচুর, মঙ্গলবার হরতাল

 
খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা বিএনপির অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মহালছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি।
বিএনপির জেলা কমিটির  সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চাকমা অভিযোগ করেছেন, সকালে হরতাল বিরোধীরা অতর্কিত বিএনপি অফিস ভাংচুর করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমানের সাথে মহালছড়ি উপজেলা ছাত্রদলের সভাপতি  মেঃ জামাল উদ্দীন টিপুর সঙ্গে সকালে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বিএনপির অফিস ভাংচুর হয় বলে স্থানীয় বিএনপি নিশ্চিত করেছেন। এরই প্রতিবাদে মঙ্গলবার  মহালছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে উপজেলা ছাত্রদল। মহালছড়ি থানার অফিসার্স ইনচার্জ সেমায়ুন কবীর চৌধুরী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । 
এদিকে জেলার সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান  মিল্লাত জানান, পুরো জেলায় শান্তিপূর্ণভাবে ২০ দলীয় জোটের হরতাল পালিত হচ্ছে।