হবিগঞ্জে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

 
 
হবিগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরতলীর ছোট বহুলা গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, ছোট বহুলা গ্রামের সিদ্দিক আলীর মেয়ে শারমিন আক্তার লিপি ১৯ ডিসেম্বর বৃন্দাবন সরকারি কলেজে অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নেয়। রবিবার রাতে প্রতিদিনের মতো খাবার শেষে সে ও তার ছোট ভাই জয় তাদের কক্ষে ঘুমাতে যায়। সোমবার সকালে জয় ঘুম থেকে উঠে ঘরের তীরের সাথে ওড়নায় বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে বাড়ির লোকজন দ্রুত ছুটে এসে লিপির মৃতদেহ নিচে নামায়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। লিপির বাবা সিদ্দিক আলী দাবি করেন, একই গ্রামের সাজিদ মিয়ার ছেলে শাহিন প্রায়ই লিপিকে উত্যক্ত করতো। সম্প্রতি লিপির সাথে মোবাইল ফোনে তার কথোপকথনের একটি রেকর্ড এলাকার বিভিন্ন লোকের কাছে ছড়িয়ে দেয় শাহিন। 
এ ব্যাপারে শাহীনের অভিভাবককে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি। এর জের ধরেই লিপি আত্মহত্যা করেছে বলে তিনি দাবি করেন। এ বাপারে তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। সদর থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।