বগুড়ায় ককটেলে দুই কব্জি গেল গৃহবধূর

 
 
বগুড়ার সোনাতলায় ককটেল বিস্ফোরণে এক আওয়ামী লীগ নেতার স্ত্রীর দুই হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার দুপুর ২টার দিকে সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুলবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে আহত রেবেকা সুলতানা রঞ্জনা (৩৫) উপজেলার দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের স্ত্রী। তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রেজাউল করিমের স্ত্রী রেবেকে সুলতানা দুপুরে বাড়ির বৈঠক খানা পরিস্কার করছিলেন। এসময় তিনি ঘরের এক কোনায় ককটেলটি পেয়ে বুঝতে না পেরে সেটি খোলার চেষ্টা করছিলেন। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং তাৎক্ষণিক তার দুই হাতের কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন হওয়া ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক অস্ত্রোপাচার করে রেবেকা সুলতানার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, এ ধরনের খবর শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত জানা যাবে না।