যশোর জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রেজা দুলুসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে কোতয়ালি থানায় মামলাটি করেছেন নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই মশিউল ইসলাম।
মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন সদরের নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ওলিয়ার রহমান, আব্দুর রহমান, ইকবাল হোসেন, নাজমুল হুদা, সোহাগ হোসেন, শেখ সুমন, আমিনুর মেম্বার, রইস মাস্টার, জাফর আলী, শাখাওয়াত হোসেন, নূরুল ইসলাম, বাবলু হোসেন, আব্দুল জলিল গোলদার, শাকিল হোসেন, রিপন চৌধুরী, হারুন-অর রশিদ বাদশা, নেসার আহমেদ মুন্না, মোহাম্মদ শেফা, রানা, কামাল হোসেন, ডলার মাহমুদ, শফিয়ার রহমান, ফিরোজ খান, কাজী তৌফিক টনি, শহিদ বিশ্বাস, ইউসুফ বিশ্বাস, অনি আলম ও রফিকুল ইসলাম।
পুলিশ জানায়, রবিবার বিকেলে রূপদিয়া বাজারে হরতাল সমর্থনে মিছিলের নামে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেখান থেকে বিএনপি নেতা ওলিয়ারসহ তিনজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে ৫টি হাত বোমা, ২৫টি লাঠি, ২টি হাসুয়া, ৫টি লোহার রড এবং বিস্ফোরিত বোমার অংশ উদ্ধার করা হয়। এ কারণে মামলা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু অভিযোগ করেন, বর্তমান সরকার স্বৈরশাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এ কারণে গণতান্ত্রিক সব অধিকার কেড়ে নিতে চাইছে। শান্তিপূর্ণ মিছিল থেকে নেতাকর্মীদের আটক করে তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে।