সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বড় ধরণের সংঘর্ষের ঘটনা না ঘটলেও সোমবার বেলা ১১টায় মহালছড়ি উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সারাদিন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছিল। নাশকতা এড়াতে অতিরিক্ত পুলিশ টহল দিতে দেখা গেছে। মহালছড়ি উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল উদ্দিন টিপু অভিযোগ করে বলেন, সকালে শান্তিপূর্ণ হরতাল চলাকালীন সময়ে দলবদ্ধভাবে ছাত্রলীগ ক্যাডাররা অর্তকিতভাবে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে অফিসের চেয়ার, টেবিল, টেলিভিশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি ভাংচুর ও লুটপাট করেছে। এরই প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আগামীকাল মঙ্গলবার মহালছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন তিনি। তবে সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দিলে হরতাল প্রত্যাহার করে নেয়া হয়। এদিকে উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমান জিয়া বিএনপি অফিস ভাংচুরের অভিযোগ অস্বীকার করেছে।
এ ব্যাপারে মহালছড়ি থানা অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিএনপি অফিস ভাংচুরের কথা স্বীকার করে বলেন, বিষয়টি মিমাংসা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।