ডিএসইতে লেনদেন দুইশ কোটি টাকার কম

 
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বাড়লেও লেনদেনের পরিমাণ এখনও অনেক কম।
সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৯ কোটি টাকা। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ার। আর দর বৃদ্ধিতে এগিয়ে ছিল ডেসকো ও মবিল যমুনা। দাম বৃদ্ধির ক্ষেত্রে জ্বালানি ও ওষুধ খাত। এছাড়া ব্যাংকিং খাতেও দর বৃদ্ধির ইতিবাচক প্রবণতা দেখা গেছে।
তথ্যে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৮৯ কোটি ৫৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩২ কোটি ৮৩ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১২৫ কোটি ২০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের।
এদিকে সমপ্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া জাহিন স্পিনিংয়ের আবেদন গ্রহণের সময় একদিন বেড়েছে। আগামী ৪ জানুয়ারি ঈদ-ই-মিলাদুন্নবীর কারণে সরকারী ছুটি থাকবে।
এদিন ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ থাকবে। তাই সাধারণ বিনিয়োগকারীরা ৫ জানুয়ারিতেও আবেদন জমা দিতে পারবেন।
জানা গেছে, গত রবিবার থেকে কোম্পানির আইপিও আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রবাসী বিনিয়োগকারীরা আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত আবেদন জমা দিতে পারবে। কোম্পানিটি পুঁজিবাজারে ১  কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি  শেয়ার ইস্যু করবে।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী জাহিন স্পিনিংয়ের প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১২ টাকা ৬৯ পয়সা।
ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের স্টান্ডার্ড ব্যাংক কর্পোরেট অফিসের জন্য ১৯ কাঠা জমি ক্রয় করেছে। জমির রেজিস্ট্রেশন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রাজধানীর গুলশানে এ জমি ক্রয় করা হয়েছে।