ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার চার্জশিটভূক্ত আসামি মোঃ আরিফুর রহমান ওরফে নাতি আরিফকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৭।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৭ এর ফেনীর ক্যাম্পের সদস্যরা শহরের একাডেমি এলাকার একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে।
নাতি আরিফ ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়াডের বিরিঞ্চি এলাকার মোঃ আব্দুস সালাম কালা মিয়ার ছেলে বলে জানায় র্যাব। স্থানীয়দের কাছে আরিফ যুবলীগ কর্মী হিসেবেও পরিচিত।
ফেনী র্যাব-৭ জানায়, একরাম হত্যার পর নাতি আরিফ পালিয়ে যান। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন। রাতে আরিফকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামকে গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে, গুলি করে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে।
এ ঘটনায় ফেনী থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ গত ২৮ আগস্ট ৫৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। এ মামলায় পুলিশ এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৩০ জন ফেনী জেলা কারাগারে, একজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ও চারজন জামিনে আছেন।