ইংলিশ প্রিমিয়ার লিগের বিরামহীন সুচিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন ইংলিশ ফুটবল তারকা ওয়েন রুনি। মঙ্গলবার ব্রিটিশ পত্র-পত্রিকায় তার এই মন্তব্য গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়।
বক্সিং ডের ম্যাচে রুনির দুই গোলে ভর করে ম্যানচেস্টার ইউনাইটেড নিউক্যাসলের বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করলেও, ৪৮ ঘন্টা পর টোটেনহ্যামের মাঠে তাদের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটিতে গোল শূন্য ড্র করে রেড ডেভিলরা। শুধু তাই নয়, আগামী নববর্ষের দিন তাদের ফের মাঠে নামতে হবে। প্রতিপক্ষ স্টোক সিটি।
ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়া ইউরোপের অন্য শীর্ষ লীগ গুলো ক্রিস্টমাস ও নববর্ষ উপলক্ষে বিরতি রেখেছে। ফলে সেখানকার লিগে অংশগ্রহণকারী খেলোয়াড়রা এখন ছুটি উদযাপন করছে। কিন্তু ঐতিহ্যগতভাবে এই সময়টাতে খেলা চালিয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগ আয়োজকরা, যেটি এখন দারুণ সমালোচনার মুখে পড়েছে। এর কট্টর সমালোচনা করেছেন সাউদাম্পটনের কোচ গাস পয়েট। এটিকে তিনি ‘অপমানজনক’ বলে আখ্যায়িত করেছেন।
রুনি বলেন, ‘দুই দিনের মধ্যে দুটি ম্যাচ খেলা সহজ কাজ নয়। এর ফলে প্রতিদ্বন্দ্বী দু’টি দলের কাছ থেকেই মানসম্পন্ন খেলা আশা করা যাবে না। এটি খুবই কঠিন একটি কাজ। টোটেনহ্যামের বিপক্ষে আমরা প্রথমার্ধে ভালই শুরু করেছিলাম। তবে দ্বিতীয়ার্ধে খেলে যাওয়া বেশ কঠিন হয়ে পড়ে। আশা করছি ভবিষ্যতে আমরা এমন অবস্থা থেকে পরিত্রাণ পাব।’