কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের হামলায় মারাত্মক আহত হয়েছেন ভারতীয় নাগরিক নারায়ণদ্র সিং(৪৫)। এসময় তার গাড়ির চালকসহ আরো তিন ব্যক্তি আহত হন। নারায়ণদ্র সিং বাংলাদেশ ক্যালটেমেক্স এনার্জি প্রাইভেট লি. কোম্পানির সার্ভিস ম্যানেজার হিসাবে চাকরি করেন। গত ২৯ডিসেম্বর গভীর রাতে চকরিয়া উপজেলা পূর্ববড়ভেওলা ইউনিয়নের আটারকুম নামক স্থানে তিনি ডাকাতির শিকার হন।
নারায়ণদ্র সিং জানান, গত ২৯ডিসেম্বর চট্টগ্রাম হতে সপরিবারে ভাড়া করা একটি গাড়ি নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তার মোবাইলে গুগলের সহায়তায় চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে সড়কটি চিহ্নিত করে চালককে গাড়ি চালাতে নির্দেশনা দেন নারায়ণদ্র সিং। একপর্যায়ে তারা ভুল করে বাঁশখালী হয়ে কক্সবাজারগামী আঞ্চলিক মহাসড়কে ঢুকে পড়েন। রাত আড়াইটার দিকে তাদের বহনকারী গাড়িটি চকরিয়া উপজেলা সাহারবিল ইউনিয়নে বাটাখালী ব্রিজে পৌঁছে। ওইসময় বাটাখালী ব্রিজের মেরামতের কাজ চলার কারণে কর্মরত শ্রমিকরা তাদেরকে সাহারবিলের ভেতরের রাস্তা দিয়ে কক্সবাজার যাওয়ার পরামর্শ দেন। ভারতীয় নাগরিক নারায়ণদ্র সিং গাড়ি নিয়ে পূর্ববড়ভেওলা ইউনিয়নের আটারকুম নামক স্থানে পৌছলে ডাকাতের কবলে পড়েন। ১০/১২জনের সশস্ত্র ডাকাতদল তাদেরকে ব্যারিকেড দিয়ে গাড়িটি থামিয়ে দেন। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে ২৩হাজার টাকা, একটি স্বর্ণের চেইন, তিনটি পাসপোর্ট, একটি ড্রাইভিং লাইসেন্স ও তিনটি মোবাইল সেটসহ বেশকিছু মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তারা বাধা দেয়ার চেষ্টা করায় ডাকাতের দল বন্দুকের বাট দিয়ে মারধর করে। মারাত্মক আহত হন ভারতের হরিয়ানা প্রদেশের কর্নাল জেলার নারায়ণদ্র সিং (৪৫), তার সহকর্মী মো. শামীম ও চালক জয় নারায়ণ ভৌমিক (৪০)। পরে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, পূর্ববড়ভেওলার আটারকুম নামক স্থানে ডাকাতির কথা শুনেছি। তবে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।