ডাকাতির প্রস্তুতিকালে বেগমগঞ্জে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জের সন্ত্রাস কবলিত পশ্চিমাঞ্চলের জগদীশপুর এলাকায় মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে।
বেগমগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলাধীন আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে বেগমগঞ্জ-লক্ষ্মীপুর মহাসড়কের পাশে বসে ৫/৬ জনের একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে আবদুর রহমান ওরফে রহমান (২২), মিন্টু মিয়া ওরফে দুধুকে (২৮) একটি এলজি, দুইটি কিরিচ ও এক রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করে। বাকীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় মামলা হয়েছে।