বার্সা চরম অবিচারের শিকার হয়েছে: জোসেফ মারিয়া

 
 
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা চরম অবিচারের শিকার হয়েছে বলে মন্তব্য করেছে ক্লাবটির প্রেসিডেন্ট জোসেফ মারিয়া। দল বদলে ফিফা আরোপিত এক বছরের নিষেধাজ্ঞা এবং এর বিরুদ্ধে সুইস আদালতে ক্লাবটির একটি আপিল আবেদন খারিজ হওয়ার পর তিনি এই মন্তব্য করেছেন।
 
জোসেফ মারিয়া বলেছেন, ‘বার্সার ওপর চরম অবিচার করা হয়েছে। এর ফলে বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ শিশু, তাদের পিতা-মাতা, ক্লাবের সকল সদস্য, সর্বপরি ফুটবল ক্ষতিগ্রস্ত হয়েছে।’
 
ফিফার ওই নিষেধাজ্ঞা থেকে পরিত্রাণ পেতে মঙ্গলবার তারা কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট-এ আবেদন করে বার্সেলোনা। ফিফার সঙ্গে একমত পোষণ করে এই আবেদনটিও খারিজ করে দেয়া হয়।
 
১৮ বছরের কম বয়সী খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করার শাস্তি হিসেবে ফিফা বার্সেলোনার ওপর ওই নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে আগামী ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত তারা কোনো খেলোয়াড় কেনা-বেচা করতে পারবে না। এতে দুই দফা খেলোয়াড় কেনা-বেচার বাজারে যোগ দিতে পারবে না কাতালান দলটি।
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সেলোনা জানায়, ‘ক্রীড়া কর্তৃপক্ষের প্রতি সম্মান প্রদর্শন করেই এফসি বার্সেলোনা তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছে।’ এদিকে আদালত বার্সেলোনার আবেদন খারিজ করে দেয়ায় আগামী ১ জানুয়ারি খুলে দেয়া ২০১৫-১৬ মৌসুমের গ্রীস্মকালীন দলবদলের বাজারে যোগ দিতে পারবে না।