৫ দিনে ১২ বার আগুন: কারণ বলতে ব্যর্থ ফায়ার সার্ভিস

 
 
 
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের একটি বাড়িতে পাঁচ দিনের ব্যবধানে কমপক্ষে ১২ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কেউ কিছুই বলতে পারছে না। এমনকি ফায়ার সার্ভিসের একটি দলও এর রহস্যভেদ করতে ব্যর্থ হয়েছে।
 
এরই মধ্যে আগুনে পুড়ে গেছে ঘরে রাখা ধান-চাল ও কাপড়চোপড়। ঘর থেকে সকল মালামাল বাইরে রেখে পাঁচদিন ধরে তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছে তিনটি পরিবার।
 
বুধবার সরেজমিনে সুমনের বাড়ী পরিদর্শন করে জানা গেছে, আজ বুধবার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত তিনবার আগুন জ্বলে ওঠে। সুমনের স্ত্রী তাপসী রানী জানান, পাঁচদিন ধরে তাদের রান্নার কাজ বন্ধ। তীব্র শীতে আগুন আতঙ্কের জন্য ছোট শিশুদের নিয়ে তারা বাইরে রাত্রিযাপন করছেন। আজ ফায়ার সার্ভিসের একটি দল পরিদর্শন করেছে। তারা বাড়ীতে কোনো গ্যাসের আলামত পায়নি। 
 
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হোসেন জানান, কেন আগুন জ্বলে তাদের কাছে বিষয়টি স্পষ্ট নয়। তবে তাদের বাড়ীতে কোনো গ্যাসের আলামত তারা পায়নি।
 
শত শত মানুষ আগুন দেখার জন্য ভিড় করছে। স্থানীয় চেয়ারম্যান ছাইদুর রহমান রয়েল জানান, আগুনের উত্পত্তি আসলে কোথা থেকে কেউ বলতে পারছে না। বাড়ীতে গ্রাম পুলিশ দিয়ে পাহারার ব্যবস্থা করা হচ্ছে।
 
এদিকে ফায়ার সার্ভিসও রহস্যভেদে ব্যর্থ হওয়ার পর সুমন চন্দ্র দে ধরনা দিয়েছেন কবিরাজ বাড়িতে। তিনি জানান, এরই মধ্যে অনেক কবিরাজ পানি পড়া দিয়েছেন। পানি পড়ায় কোনো কাজ হচ্ছে না। পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলায় এক সাধু ভারত থেকে আসার খবর পেয়ে সকালে লোকজন তার পরামর্শ নেয়ার জন্য গেছে। তার পরামর্শ পেলে সে অনুযায়ী কাজ করা হবে।