এক বছরে বিও হিসাব বেড়েছে সাড়ে তিন লাখ

 
 
 
 
বিগত এক বছরে পুঁজিবাজারে শেয়ার লেনদেন করার জন্য বেনিফিয়ারি ওনার্স (বিও) একাউন্টের সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে তিন লাখ। এর মধ্যে ব্যক্তি বিনিয়োগকারীদের সংখ্যাই বেশি। সেন্ট্রাল ডিপোজেটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে জানা গেছে, চলতি বছর শেষে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৩৬ হাজার ৫২টি। আর ২০১৩ সালের ৩০ ডিসেম্বর বিও একাউন্টের সংখ্যা ছিল ২৭ লাখ ৯৫ হাজার ৩৭৭টি। অর্থাত্, এক বছর শেষে বিও একাউন্টের সংখ্যা বেড়েছে ৩ লাখ ৪০ হাজার ৬৭৫টি।
জানা গেছে, বর্তমান বিও হিসাবের মধ্যে পুরুষদের বিও হিসাবের সংখ্যা ২২ লাখ ৯০ হাজার ২৩২টি এবং নারীদের বিও হিসাবের সংখ্যা ৮ লাখ ৩৫ হাজার ৪৮৮টি। এ ছাড়া কোম্পানির বিও হিসাব রয়েছে ১০ হাজার ৩৩২টি। তথ্যে দেখা গেছে, মোট বিও হিসাবের মধ্যে ২৯ লাখ ৭৬ হাজার ৪৮০টি স্থানীয় বিনিয়োগকারীদের এবং ১ লাখ ৪৯ হাজার ২৪০টি প্রবাসী বিনিয়োগকারীদের।
শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, ধীরে ধীরে বাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সংখ্যা বাড়ছে। তাই আইপিও আবেদনে অংশগ্রহণ করতে বিনিয়োগকারীদের বিও হিসাব খোলার প্রবণতা বেড়েছে। এ জন্যই গেল বছরে বিও হিসাব খোলার সংখ্যা বাড়ছে। এ ছাড়া, নতুন কোম্পানির আইওপিওকে কেন্দ্র করে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিও হিসাবের সংখ্যা তুলনামূলকভাবে বেশি বেড়েছে। এ সময়ে প্রায় দেড় লাখ বিও বেড়েছে।