ফেল দেখানো হল সেই শিক্ষার্থীকে

প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ না নিয়েও জিপিএ-৫ পাওয়া লালমনিহাটের হাতিবান্ধার সেই শিক্ষার্থীকে ফেল দেখানো হয়েছে।

বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হাতীবান্ধা উপজেলার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ ইসলাম সাকিবকে ফেল দেখিয়ে ফল সংশোধন করেছে বলে জানিয়েছেন হাতিবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্বাস আলী ভূইয়া।
বুধবার রাতে তিনি সাংবাদিকদের বলেন, “কম্পিউটারে ম্যানুয়ালি রোল নম্বর এন্ট্রির সময় অনিচ্ছাকৃত ভুলে এটা হয়েছে। ওই শিক্ষার্থী প্রকৃতপক্ষে পরীক্ষায় অনুপস্থিত ছিল।
“গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জানানো হয়। পরে অধিদপ্তর থেকে ওই শিক্ষার্থীকে দেখিয়ে ওই স্কুলের ফলাফল সংশোধন করা হয়েছে।”
প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ না নিলেও মঙ্গলবার প্রকাশিত ফলাফলে দেখা যায় সাকিব জিপিএ-৫ পেয়েছে।
এনিয়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়। ফল প্রকাশের এক দিন পর ওই শিক্ষার্থীর ফল বাতিল করা হল।