ট্রাফিক আইন মেনে যখন পথচারীরা ফুটওভারব্রিজ ব্যবহার করবেন, ঠিক সেই মুহূর্তে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা দখল করে বসেছে এই ফুটওভারব্রিজের অর্ধেকাংশ। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন অনেক কিছু শিখিয়েছে আমাদের; আমরা শিখেছি এবং তা অক্ষরে অক্ষরে পালন করার যখন সময়, ঠিক তখন ফুটওভারব্রিজজুড়ে কোথাও বসে গেছে রীতিমতো কাঁচাবাজার। শিশুদের খেলনা সামগ্রী, জুতার দোকান, রঙিন চশমার দোকান, রং-বেরঙের ঘড়ির পসরা দখল করে নিয়েছে ফুটওভারব্রিজগুলো। এছাড়া পকেটমার, ছিনতাইকারীরা তো ওত পেতে বসেই আছে কখন সুযোগ পেয়ে তাদের কাজ সমাধা করবে। এমন পরিস্থিতিতে জনগণ ফুটওভারব্রিজ ব্যবহার করতে অস্বস্তিবোধ করছে, কখনবা ভয় পাচ্ছে জীবন ও সম্পদের। রাজধানীর জনসমাগমস্থল নিউমার্কেটের ফুটওভারব্রিজগুলো আইন শৃঙ্খলা বাহিনী দেখেও না দেখার ভাণ করে। বিশেষ সূত্রে জানা যায়, এসব ভ্রাম্যমাণ ব্যবসায়ীকে চাঁদা দিতে হয় নিয়মিত। ফুটওভারব্রিজগুলো হকারমুক্ত করতে হবে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য। এগুলো উচ্ছেদ করা না হলে জনগণ ফুটওভারব্রিজ ব্যবহার করবে কিভাবে!
মো.ওসমান গনি শুভ
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়