কুমিল্লার মনোহরগঞ্জে বুধবার গভীর রাতে শাহ আলম নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের বাউপুর গ্রামের মেহেরবক্সের পুত্র ও স্থানীয় যুবলীগকর্মী শাহ আলম (৩২) বুধবার রাতে পার্শ্ববর্তী লক্ষণপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাউপুর এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে আটক করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এসময় শাহ আলমের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তারা তাকে মৃত ঘোষণা করেন। মনোহরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই সরকার জানান, এটি একটি রাজনৈতিক হত্যাকান্ড। এ হত্যাকান্ডের সঙ্গে স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জেলার সদর দক্ষিণ মডেল থানা পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় রাস্তার পার্শ্ব থেকে অজ্ঞাতনামা যুবক (৩৫) এর লাশ উদ্ধার করে।
থানার ওসি প্রশান্ত কুমার পাল জানান, নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অন্য কোথাও তাকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ মহাসড়কের পাশে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।