সিলেট নগরীর উপশহরে একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- স্বপন (৩০), এমএ কাহের বেলাল (২৭), আতিক মিয়া (২৫) ও রুবেল (২৭)।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি কাটা রাইফেল, একটি রাইফেলের বাট, নাইন এমএম পিস্তলের ৪৩টি গুলি, নয়টি ছোরা, একটি রামদা, নয়টি পটকা। এছাড়া তাদের কাছ থেকে নয়টি মোবাইল, আটটি হ্যান্ডব্যাগ, চারটি হেলমেট ও নগদ নয় হাজার টাকাও উদ্ধার করে পুলিশ।
সিলেট কতোয়ালী মডেল থানার এসি একেএম সাজ্জাদুল আলম জানান, উপশহরের ডি-ব্লকের ২৭ নম্বর রোডের ৪ নম্বর বাসার দুই তলায় অভিযান চালানো হয়। এ সময় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানান তিনি।