রিডিং ম্যাট ও ভাষার অবমাননা

বর্তমানে বাজারে এক প্রকার ম্যাট বা মাদুর পাওয়া যায় যা ‘রিডিং ম্যাট’ নামে পরিচিত। সেই ম্যাটগুলোতে সচিত্র বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ও ইংরেজি অ্যালফাবেট ছাপা থাকে। শিশুরা সে ম্যাটে চড়ে বসে পাড়িয়ে-মাড়িয়ে পড়তে ও শিখতে পারে। হ্যাঁ, শিশুদের শেখানোর ভালো কৌশল হচ্ছে সচিত্র শিক্ষা। কিন্তু ভাষার অবমাননা করে শিক্ষাদান অবশ্যই কারো কাম্য নয়। কারণ যে বাংলা ভাষার জন্য বাংলার দামাল ছেলেরা রাজপথে নেমে মিছিল করেছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, শহীদ হয়েছে আর যাই হোক সে ভাষা শিক্ষার ক্ষেত্রে এমন অবমাননা অপ্রত্যাশিত। শিশু তার মেধা বিকাশের সঙ্গে সঙ্গে যদি একটি ভাষার বর্ণের ওপর চেপে বসে পাড়িয়ে-মাড়িয়ে সে ভাষা শেখে তাহলে সে ভাষার প্রতি তার কখনোই মমত্ববোধ বা শ্রদ্ধা সৃষ্টি হবে না। সে জানতেই পারবে না যে তার ভাষাটা কত সম্মানের, কত শ্রদ্ধার, কত ত্যাগের। তাই ভাষার সম্মান রক্ষায় এসব ম্যাট পরিহার করা একান্ত কর্তব্য। শিশুদের শিক্ষাদানের জন্য বর্তমানে অনেক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে ম্যাজিক পেন, অ্যান্ড্রোয়েড অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল শিক্ষা পদ্ধতি। যেখানে শুধু সচিত্র নয় বরং উচ্চারণসহ শেখার ব্যবস্থা থাকে। আশা করব, সকলেই বিষয়টি বিবেচনা করে ভাষার মান অক্ষুণ রাখতে সচেষ্ট থাকবেন।

তুফান মাজহার খান

ডেমরা, ঢাকা