পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক বলেছেন, তিনি আগামী বছরের বিশ্বকাপ খেলতে চান। তবে দলে তার ভূমিকা কি হবে এবং তার কাছ থেকে ম্যানেজমেন্ট কি প্রত্যাশা করছে সে বিষয়ে পরিষ্কার হওয়া দরকার।
২০১৩ সালের জুন মাসে পাকিস্তানের হয়ে নিজের সর্বশেষ ২১৬তম ওয়ানডে খেলেছেন ৩২ বছর বয়সী এ অলরাউন্ডার। তবে আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে তাকে।
করাচিতে শুরু হওয়া পেন্টাগুলার কাপ টুর্নামেন্টে কতিপয় সম্ভাব্য খেলোয়াড়ের পারফরমেন্স দেখার পর আগামী ৭ জানুয়ারি ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে পারেন পাকিস্তানের নির্বাচক কমিটি।
গণমাধ্যমকে শোয়েব মালিক বলেন, ‘বিশ্বকাপ একটি বড় ইভেন্ট এবং প্রত্যেক ক্রিকেটারই এ টুর্নামেন্টে খেলতে চাই। আমি খেলতে চাই না বলে প্রচার করা হয়েছিল, দল থেকে বাদ পড়ে আমি হতাশ হয়েছিলাম কিন্তু সব সময়ই আমি খেলতে চেয়েছি।’