চন্দনাইশ (চট্টগ্রাম): চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার হাশিমপুর-শিকারীপাড়া সড়কটি বিভিন্ন স্থানে ভেঙে ও গর্ত সৃষ্টি হয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এমনকি সাধারণ মানুষ হেঁটেও চলাচল করতে পারছে না। ভারী যানবাহন চলাচলের কারণে ধুলো-বালুতে সড়কটি একাকার। দীর্ঘদিন ধরে সড়কটির এ দুরবস্থা থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই। প্রায় দুই কিঃমিঃ সড়কের দুই পাশে বসবাসরত নতুন বাড়ী, গুচ্ছ গ্রাম, সুদ্র ও রুদ্র পাড়াসহ কয়েকটি গ্রামের প্রায় ৫ শতাধিক পরিবারের লোকজনকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা আনু মিয়া বলেন, গ্রামের এ সড়কটিতে প্রায় ৮/১০ বছর আগে ইট বিছানো হয়েছিল। কিন্তু প্রতিদিন হালকা যান ছাড়াও ১০টি ব্রিকফিল্ডের ভারী ট্রাক যাতায়াতের কারণে সড়কটি ভেঙে পড়েছে। তা ছাড়া, ধুলো-বালুতে এলাকার মানুষ অতিষ্ঠ। হাশিমপুর ইউপি চেয়ারম্যান আলমঙ্গীরুল ইসলাম বলেন, সড়কটি সংস্কারের ব্যাপারে উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। শিগগির ব্যবস্থা গ্রহণ করা হবে —ইত্তেফাক