নতুন বছরের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লুইস ফন গালের দল।
ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ চার ম্যাচে ইউনাইটেডের এটা তৃতীয় ড্র। অ্যাস্টন ভিলার মাঠে ১-১ গোলে ড্র করার পর নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছিল রবিন ফন পের্সি-ওয়েইন রুনিরা। এরপর টটেনহ্যাম হটস্পারের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরে তারা।
বৃহস্পতিবার স্টোক সিটির মাঠে অবশ্য হেরেই যাচ্ছিল ইউনাইটেড। পিছিয়ে পড়ার পরও শেষ পর্যন্ত রাদামেল ফালকাও আর ভাগ্যের কল্যাণে ড্র নিয়ে মাঠ ছাড়তে পারে তারা।
ম্যাচ শুরু হতে না হতেই পিছিয়ে পড়ে ইউনাইটেড। দ্বিতীয় মিনিটে স্টোককে এগিয়ে দেয়া গোলটি করেন রায়ান শক্রস। কর্নার কিক থেকে হেড নিয়েছিলেন ইংল্যান্ডের ফরোয়ার্ড পিটার ক্রাউচ। বলটি গোলের দিকে ছুটলেও হয়ত জালে জড়াত না। তবে বলটিতে পা ছুঁইয়ে জালে জড়ান শক্রস।
ম্যাচে ফিরতে ২৪ মিনিট অপেক্ষা করতে হয় ইউনাইটেডকে। কর্নার থেকে হেড করেছিলেন মাইকেল ক্যারিক। সেই বলে পা ছুঁইয়ে ২৬তম মিনিটে গোল করেন ফালকাও।
এরপর আর এগিয়ে যেতে না পারলেও নিজেদের মাঠে ইউনাইটেডকে ম্যাচের প্রায় পুরোটা সময় চাপে রাখে স্টোক। বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগও পায় তারা।
৬৪তম মিনিটে ইউনাইটেডকে বাঁচিয়ে দেয় ভাগ্য। ক্রাউচের হেড পোস্টে লেগে ফিরে আসে।
ইউনাইটেডকে এগিয়ে দেয়ার মতো বেশ কয়েকটি সুযোগ পান রবিন ফন পের্সি আর ওয়েইন রুনিরা। তবে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেননি তাদের কেউই।
এই ড্রয়ের পর ২০ ম্যাচ শেষে তৃতীয় স্থানে থাকা ইউনাইটেডের পয়েন্ট ৩৭।