নোয়াখালী জেলার চাটখিলের বালুয়া চৌমুহনী খালে বাঁধ দিয়ে মাটির ব্যবসা করার অভিযোগ উঠেছে। এতে করে দেলিয়াই ও বালিয়াধর গ্রামের ৫০০ একর জমির ইরি ধান উত্পাদন হুমকির সম্মুখিন হয়ে পড়েছে এবং পাঁচ শতাধিক কৃষক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।
জানা গেছে, বালুয়া চৌমুহনী খালের দেলিয়াই বাজার ব্রিজের ৫০ গজ পূর্বে রাস্তার দক্ষিণ পাশে খালের উপর দুই পাশে বাঁশের বেড়া দিয়ে মাঝখানে মাটি ফেলে বাঁধ দেওয়া হয়েছে। এ বাঁধের উপর দিয়ে ট্রলি ও ট্রাক্টর দিয়ে খালের দক্ষিণ পাশ থেকে মাটি ভরাট করে এনে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। বাঁধের ২০০ গজ পূর্বে একটি স্লুইস গেট। এই গেট দিয়ে পানি পশ্চিম দিকে নামে। স্লুুইস গেটের সরবরাহ করা পানিতে দক্ষিণ ও পশ্চিম দেলিয়াই এবং বালিয়াধর গ্রামের ৫ শতাধিক একরে ইরি ধান চাষ করা হয়। বর্তমানে খালে বাঁধ দেওয়ায় ইরি উত্পাদন ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ইউপি মেম্বার জাকির হোসেন বাবলুসহ কয়েকজন এই এলাকার মাটির ব্যবসা করে। এরা খালের দক্ষিণ পাশ থেকে এ বাঁধের উপর দিয়ে ট্রলি ও ট্রাক্টরে করে মাটি বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে। মেম্বার বাবলু অভিযোগ স্বীকার করে বলেন, প্রয়োজনে তিনি বাঁধ কেটে দেবেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম জানান, বিষয়টি তাকে কেউ জানায়নি। তবে তিনি যখন অবগত হয়েছেন জরুরিভাবে ব্যবস্থা নেবেন।