কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় দুই স্কুল ছাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পরিহলপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক রনি (৩২), একই জেলার বুড়িচং উপজেলার কাকিয়ারচর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ইব্রাহীম খলিল (৪০), একই উপজেলার মাধবপুর গ্রামের অহিদুল ইসলামের স্ত্রী নিলুফা আক্তার (৩০) ও অজ্ঞাত এক যুবক (২৫)। আহতরা হলো, আঁখি আক্তার (১৩) ও সুরভী (১৩)। গুরুতর আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে ব্যস্ততম মহাসড়কে যান চলাচল ছিল খুবই কম। হরতাল উপেক্ষা করে যেসব গাড়িগুলো চলছে সেগুলোর গতি ছিল বেপরোয়া। ঢাকাগামী যাত্রীবাহী এশিয়া পরিবহনের একটি বাস ওভার টেকিং করার সময় ও বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষেও ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনার পর উত্তেজিত বিক্ষুব্ধ জনতা এশিয়া পরিবহনের বাসটিতে অগ্নিসংযোগ করে। এক ঘন্টা পর কুমিল্লা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে বাসটি আগুনে পড়ে যায়।
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার তরা ব্রিজে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে বিজন বসাক (২৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।