সারাদেশে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
বরিশাল: নগরীতে ট্রাকচাপায় তুলসী হালদার নামে এক ফার্নিচার ব্যবসায়ী নিহত হয়েছেন। কাউনিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে তুলসী হালদার নাজিরের পোলের উত্তর পার্শ্বে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি পণ্যবাহী ট্রাক বেপরোয়া গতিতে ছুটে এসে তাকে চাপা দেয়। আহাত অবস্থায় তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি কাউনিয়া প্রধান সড়ক এলাকার শ্রীনাথ হালদারের ছেলে। এই ঘটনায় ট্রাকসহ চালক তাইজুল ইসলামকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার রাজধরপুরে দুপুরে ট্রাকচাপায় আলমগীর হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। নিহত আলমগীর হোসেন খুলনার কয়রা উপজেলার গোবরা বেড়বামিনা গ্রামের বাবু সানার ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, সদর উপজেলার গোয়ালপাড়া বাজার থেকে একটি ট্রাক পানামীর দিকে যাচ্ছিল। রাজধরপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে। চালক আলমগীর হোসেনও রাস্তায় ছিটকে পড়ে। সে সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মদন (নেত্রকোনা): নেত্রকোনার মদন-খালিয়াজুরী সড়কে দুর্ঘটনায় স্কুলছাত্র এবাদুল নিহত হয়েছে। নিহত এবাদুল মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং মদন উপজেলার কুলিয়াটি গ্রামের তাহের উদ্দিনের ছেলে। এবাদুল খালিয়াজুরী উপজেলার বোয়ালী গ্রামের আত্মীয় বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে আসার পথে বালই ব্রিজের পূর্বপাশে রাস্তার পাশে পিলারে ধাক্কা লেগে নিচে খাদে পড়ে যায়। এ সময় এবাদুল ও তার বন্ধু সামি মিয়াকে পথচারীরা উদ্ধার করে মদন হাসপাতালে নিলে চিকিত্সক এবাদুলকে মৃত ঘোষণা করেন। আহত সামি মিয়া হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁওয়ের দক্ষিণ পুখুরিয়া গ্রামে দুপুরে বালুবাহী ট্রাক্টরের চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু আহাদ (৮) পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং দক্ষিণ পুখুরিয়া গ্রামের জুয়েল মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, দক্ষিণ পুখুরিয়া গ্রামে বালু বোঝাই একটি ট্রাক্টর লড়ি আহাদদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল পার্শ্ববর্তী একটি নিচু জায়গাতে বালু ফেলার জন্য। বাড়ির সামনে থেকে আহাদ ও তার বন্ধুরা ট্রাক্টর লরিতে উঠে। কিছুদূর যেতেই ট্রাক্টরের ঝাঁকুনিতে আহাদ নিচে পড়ে গেলে পেছনের চাকা তার মাথার উপর উঠে যায়। তখন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গফরগাঁও থানার এসআই আহসান হাবিব জানান, ঘাতক ট্রাক্টর জব্দ করা হয়েছে।
গোদাগাড়ী (রাজশাহী): গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত হয়েছে। বেলা ১১টার দিকে পৌর এলাকার সিএন্ডবি মোড়ে রাস্তা পারাপারের সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা কোচ সাইকেল আরোহী ইরফান আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত ইরফান গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, কোচটি জব্দ করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।