‘বিয়ে’ অস্বীকার ইমরানের

লন্ডনের বিখ্যাত দৈনিকে পাকিস্তানের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক, বর্তমানে অন্যতম প্রধান পাক রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের সর্বোচ্চ নেতা ইমরানের বিয়ের খবর বেরনোর পর স্বয়ং ইমরান সেটা অস্বীকার করেছেন। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, আমার বিয়ের খবরটা ফুলিয়ে-ফাঁপিয়ে করা! এরপর কিছুক্ষণের মধ্যে ইমরান এক বিবৃতিও দেন। যাতে তিনি বলেছেন, আমার বিয়ে নিয়ে যে গুজব ছড়াচ্ছে, তা নিয়ে একটা কথা বলে দিতে চাই। আমার সমর্থকদের সামনে আমি খোলাখুলি দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলাম। কিন্তু বিয়ের ব্যাপারটা হালকা ভাবে নেয়া চলে না। বিশেষ করে দ্বিতীয় বিয়ে, যেখানে বাচ্চারাও জড়িয়ে আছে। তা ছাড়া, এই মুহূর্তে পেশোয়ারে শিশু-হত্যালীলা নিয়ে আমরা গভীর শোকাহত। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে।
ইমরানের বোন আলিমা খানও এই খবরকে অস্বীকার করার পাশপাশি বলেছেন, এ ধরনের খবরে ইমরানের রাজনৈতিক বিরোধীরা সুযোগ পেয়ে যাচ্ছে ওকে কালঙ্কিত করতে। ইমরানের বিয়ে করার ইচ্ছে বা পরিকল্পনা কোনওটাই নেই।
কিন্তু পাক মিডিয়া ইতিমধ্যেই ইমরানের বিয়ের খবরের অন্তর্তদন্তে নেমে পড়েছে। সেই দেশের অন্যতম জনপ্রিয় টিভি নেটওয়ার্কের বিশ্লেষণ, ইমরানের দ্বিতীয় বার বিয়ে করা নিয়ে কয়েক মাস ধরেই পাকিস্তানে জল্পনা চলছে। রেহামের সঙ্গে ইমরানের বিয়ের আনুষ্ঠানিক অনুষ্ঠানটুকুই হয়তো বাকি। যেটা ২০১৫-র মধ্যেই হওয়ার প্রবল সম্ভাবনা। নামী পাক অ্যাঙ্কর ফারহাত জাভেদ রবানি গত ২৭ ডিসেম্বর একটি টুইট করেছিলেন, ‘হুম্ম্ম্... আজ কি এক অ্যাঙ্কর আর এক রাজনীতিবিদের মধ্যে বিয়ে হয়েছে? বিয়ের ফুল...?
আবার অন্য একটা ব্যাখ্যা, ইমরানের বোনেরা এবং ঘনিষ্ঠরাই নাকি তার সঙ্গে বিবিসির আবহাওয়া ঘোষিকার বিয়েতে আপত্তি তুলেছেন। কিন্তু তাঁরা অত্যাশ্চর্য যে, তার পরেও ইমরান এই বিয়ের ব্যাপারে এগিয়ে যাওয়াতে! পাকিস্তানের সাধারণ মানুষের প্রতিক্রিয়াও ভাল নয়। ফেসবুকে রেহামকে নিয়ে অশ্লীল ছবি পোস্ট করা হয়েছে।