পেস বোলিং অলরাউন্ডার খোঁজা হচ্ছে

 
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপ সামনে রেখে পেস বোলিং অলরাউন্ডার খোঁজা হচ্ছে। শুক্রবারের ঢাকা প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ মাথায় নিলে অবশ্য মনে হতে পারে এই ধরনের খেলোয়াড়ের কোনো অভাবই নেই দেশে। ফতুল্লায় পেস বোলার আবুল হোসেন রাজু যখন আরেকটা ফিফটি করছেন, তখন বিকেএসপিতে চলছে দুই পেস বোলিং অলরাউন্ডার মাশরাফি ও ফরহাদ রেজার ব্যাটে-বলে লড়াই।
এই লড়াইয়ে মাশরাফির দলের জয় নিজেই প্রায় এনে ফেলেছিলেন; প্রাইম ব্যাংককে এই শেষের আগের রাউন্ডে এসে এক শঙ্কা উপহার দিয়েছিলেন। আগে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংককে বল হাতে মোহামেডান অধিনায়ক মাশরাফি নিজেই কাঁপিয়ে দিয়েছিলেন। ৪০ রানে ৪ উইকেট তুলে নেন মাশরাফি। এক পর্যায়ে ৯২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল প্রাইম ব্যাংক। কিন্তু এখান থেকেই তদের স্কোরকে ২৩০ রানের লড়াকু চেহারা দেন ৭২ রান করা ফরহাদ রেজা।
এই স্কোরটাকেই অনেক বড় বলে একটা সময় মনে হচ্ছিল; যখন মোহামেডান ৯১ রানে হারিয়ে ফেলেছিল ৬ উইকেট। আর এখান থেকেই ১১০ রানের এক অসাধারণ জুটি গড়ে তোলেন মাশরাফি ও আরিফুল। এই জুটিটিকে ‘মহাকাব্যিক’ হতে দিলেন না সেই ফরহাদ রেজা। মাশরাফিকে ৬২ রানে এবং আরিফুলকে ৬০ রানে ফিরিয়ে দিয়ে প্রাইম ব্যাংকের জয়টা একরকম নিশ্চিতই করে দেন এই অলরাউন্ডার।