সাতক্ষীরার তালায় মাত্র ৫ ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর আড়াই টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার শুভাষিনী বাজারে ট্রাকচাকায় জাকির সরদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার ধলবাড়িয়া গ্রামের খাদেম সরদারের ছেলে। এর মাত্র ৫ ঘন্টা ব্যবধানে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার নওয়াপাড়া গ্রামে পিকআপের ধাক্কায় ইঞ্জিনভানের যাত্রী নাসরিন খাতুন (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। সে উপজেলার নওয়াপাড়া গ্রামের বাহারুল ইসলামের স্ত্রী। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।