সাতক্ষীরা শহরে পুলিশের গুলিতে মিন্টু সরদার (৩০) নামের এক সন্দেহভাজন ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শনিবার শহরের পলাশপোল এলাকার কপোতাক্ষ ক্লিনিকের পিছনে এ ঘটনা ঘটে। তিনি পলাশপোল এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমানের দাবি করেন, ভোররাত চারটার দিকে ডাকাতির সংবাদ পেয়ে কপোতাক্ষ ক্লিনিকের পিছনে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একদল ডাকাত। পুলিশ এ সময় গুলি করলে মিন্টু মিস্ত্রী নামে ওই ব্যক্তি ডান পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
তবে গুলিবিদ্ধ মিন্টু সরদারের দাবি, রাতে বাড়ি থেকে ধরে এনে ভোর রাতে তার পায়ে গুলি করা হয়েছে।