নবীগঞ্জে মূর্তি চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে মূর্তি চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো নবীগঞ্জ পৌর এলাকার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান (২৭), আলী হোসেন (২৫), এমকে রাহুল (২৮) ও রাজনগর গ্রামের সুরুজ আলী (২৫)।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে একটি নির্জন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের সাথে থাকা বিষ্ণু মূর্তি, হাতুড়ি, ধারালো ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। থানার এসআই শামছুল ইসলাম বাদি হয়ে তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মূর্তি চোর চক্রকে আটক করা হয়েছে। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে মূর্তি চুরির সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে এবং তাদের গুরুদের নামও বলেছে।