গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে সাবের আলী মোল্লা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার ভোরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খলিলুর রহমান জানান, নিহত সাবের আলী মোল্যার ছেলে জামাল মোল্লা একই গ্রামের মোশারফ হোসেনের পাওনাদার। শুক্রবার সন্ধ্যায় ওই পাওনা টাকা চাওয়া হলে ওই দুই জনের মধ্যে কথা কাটাকাটি হলে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। একপর্যায়ে সাবের আলী এতে বাধা দিতে এগিয়ে আসলে মোশারফের সমর্থক নূর আলম তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি মারাত্মক আহত হলে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মুকসুদপুর থানায় হত্যা মামলা হয়েছে।