জয়পুরহাটে অর্ধ কোটি টাকার পণ্য উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ৪৬ লক্ষ ৬ হাজার ৫১০ টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার ও দুই চোরাচালানীকে আটক করেছে। শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালায় বিজিবি।  
আটককৃত দুই চোরাচালানী হচ্ছে ঢাকার আমিনবাজারের জাহিদ (৬০) এবং দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাজিপাড়া গ্রামের বিমল দাসের পুত্র বিনয় দাস (২৭)।
জয়পুরহাট ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে ক্লোফিমল ট্যাবলেট ১ লাখ ৫৭ হাজার ৬শ’টি , ২শ’ ২৩ বোতল ফেন্সিডিল, মদ ৬ বোতল, জিরা ৮শ’ ২৪ কেজি, ১৪টি হরলিক্স্র, ২ হাজার ৯০টি বৌটুপি, ৪১টি উন্নতমানের শাড়ি, ৯টি চাদর, স্টীল সামগ্রী ৩৫ কেজি, সোয়েটার ৮টি, শার্ট পিস ২২টি, চুপসি সিরাপ ৮৮ বোতল, বাজি ১৮ প্যাকেটসহ অন্যান্য মালামাল।
উদ্ধারকৃত পণ্যগুলোর মূল্য ৪৬ লাখ ৬ হাজার ৫১০ টাকা।
বিজিবি সূত্র বাসস’কে জানায়, উদ্ধারকৃত পণ্য হিলি কাস্টমসে জমা দেয়া হয়েছে এবং গ্রেফতারকৃত দুই চোরাচালানীকে মামলা দায়েরসহ হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।