গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ক্ষেত্রে বড় মূলধনী কোম্পানির প্রাধান্য দেখা গেছে। লেনদেনের ক্ষেত্রে শীর্ষে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট। এ কোম্পানি ঘিরে লেনদেন হয়েছে ৪২ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা। যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। আর ডিএসই’র মোট লেনদেনের ৫ শতাংশেরও বেশি। লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মবিল যমুনা, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, ডেসকো, স্কয়ার ফার্মা এবং আইডিএলসি।
তথ্যে দেখা গেছে, গেল সপ্তাহে সব খাতের শেয়ারের দরই বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে সিমেন্ট ও বিবিধ খাতের শেয়ারদর। এ সপ্তাহে সিমেন্ট খাতে বাজার মূলধন বেড়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। গেল সপ্তাহে সিমেন্ট খাতে বাজার মূলধন দাঁড়িয়েছে ২১ হাজার কোটি টাকারও বেশি। লেনদেন হয়েছে প্রায় ৫১ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা।
মূলত লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারদরের ঊর্ধ্বগতিতে এ খাতে বড় উত্থান হয়েছে। এ খাতের মোট লেনদেনের ৮২ শতাংশ ছিল লাফার্জ সুরমার। এ কোম্পানির শেয়ারের দর বেড়েছে ১০ দশমিক ১ শতাংশ। এছাড়া বিবিধ খাতের বার্জার পেইন্টস, বেক্সিমকো লিমিটেডসহ বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধিতে এ খাতটিরও বাজার মূলধন অনেকটাই বেড়েছে।
ডিএসইতে সবচেয়ে বেশি দরবৃদ্ধির তালিকায় থাকা কোম্পানিগুলো হলো হলো- আলহাজ টেক্সটাইল, প্রাইম ইসলামী লাইফ, বার্জার পেইন্টস, এসিআই ফরমুলেশনস, দেশ গার্মেন্টস, ফারইস্ট নিটিং, ফার্মা এইডস, মবিল যমুনা, সায়হাম কটন এবং এমআই সিমেন্ট। আর সর্বোচ্চ দর হারানো কোম্পানিগুলো হলো- শাহজিবাজার পাওয়ার, সাভার রিফ্যাক্টরিজ, শ্যামপুর সুগার মিলস, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং, প্রগ্রেসিভ লাইফ, কেয়া কসমেটিকস, স্টাইলক্রাফট, দুলামিয়া কটন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও সিভিও পেট্রোলিয়াম রিফাইনারি।
পুঁজিবাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস মূল্যসূচক বেড়েছে। এতে সপ্তাহজুড়ে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। এরই ধারাবাহিকতায় সপ্তাহশেষে বাজারের সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে।
গেল সপ্তাহ ডিএসই’র পিই রেশিও বেড়েছে ২ দশমিক ৫৫ শতাংশ। সপ্তাহশেষে ডিএসই’র পিই রেশিও অবস্থান করছে ১৮ দশমিক ১ পয়েন্টে। যা আগের সপ্তাহ শেষে ছিল ১৭ দশমিক ৫৬ পয়েন্টে।
এদিকে গেল সপ্তায় বেশিরভাগ শেয়ারের দাম বাড়লেও মোট লেনদেন কমেছে। এ সপ্তাহে লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় প্রায় ৬ দশমিক ৭ শতাংশ কম।
কাল রবিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে লেনদেন বন্ধ থাকবে।
সোমবার থেকে যথা সময়ে লেনদেন শুরু হবে। ডিএসই ও সিএসই সূত্র এ তথ্য জানিয়েছে।