সাতক্ষীরায় ব্যবসায়ীকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই



সাতক্ষীরায় এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় শহর উপকণ্ঠের লাবসা হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ঐ ব্যবসায়ীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছিনতাই এর কবলে পড়া ঐ ব্যবসায়ীর নাম ফারুক হোসেন (৩৫)। তিনি সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার বাসিন্দা মশিউর রহমানের ছেলে।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী ফারুক হোসেন জানান, তিনি যশোরের সাত মাইল বাজারে গরু বিক্রি করে ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে সাতক্ষীরা শহরের রসুলপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা শহরের অদূরে লাবসা হাই স্কুলের পাশে স্পিড ব্রেকারের কাছে গাড়ির গতি কামনোর সাথে সাথে অন্য একটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। দুর্বৃত্তরা এ সময় তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি তাদের বাধা দেন। ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তির এক পার্যায় দুর্বৃত্তরা তার বাম হাতে দায়ের কোপ মারে এবং পেটে  ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের  আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ হোসেন জানান  তার পেটে ও হাতে মারাত্বক জখম হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘটনার সাথে জড়িতদের ধরার চেষ্টা চলছে।