বাজারে থাকা অনুমোদিত পানির তিনটি ব্র্যান্ডের লাইসেন্স বাতিল ও সাতটি ব্র্যান্ডের লাইসেন্স বিভিন্ন মেয়াদে স্থগিত করেছে বিএসটিআই। বাতিলকৃত তিন ব্র্যান্ড হচ্ছে, আনন্দ ফুড এন্ড বেভারেজ এর ‘আনন্দ প্লাস’ ব্র্যান্ড (জার), রিয়েল ফুড এন্ড বেভারেজ এর ‘রিয়েল ফার্স্ট’ ব্র্যান্ড (জার) ও বেস্টওয়ান ড্রিংকিং এর বেস্ট ওয়ান। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গতকাল মঙ্গলবার এই প্রতিবেদন দাখিল করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিএসটিআই অভিযান পরিচালনা করে। অনুমোদিত ১০ টি ব্র্যান্ডের বোতল ও জারের পানির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার পর নিম্নমানের বলে প্রতীয়মান হয়েছে। ফলে শোকজ করা হয়। শোকজ নোটিশ পেয়ে জবাব না দেওয়ায় লাইসেন্স বাতিল করা হয়েছে। জবাব সন্তোষজনক না হওয়ায় সাতটি ব্রান্ডের লাইসেন্স বিভিন্ন মেয়াদে স্থগিত করা হয়। লাইসেন্স বাতিল হওয়া এই তিন কোম্পানি পানি বাজারজাত করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
‘প্রতারণার নাম বোতলজাত পানি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন আইনজীবী শাম্মী আক্তার। ওই রিটের প্রেক্ষিতে গত বছরের ৩ ডিসেম্বর হাইকোর্ট বাজারে থাকা অবৈধ-অনিরাপদ জার ও বোতলের পানির সরবরাহ বন্ধের নির্দেশ দেয়।