প্রতিহিংসার কীটনাশক পুকুরে

পূর্বশত্রুতার জের ধরে জেলার তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কর্ণঘোষ গ্রামের একটি পুকুরে কীটনাশক দেয়ায় প্রায় ২০ লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। গতকাল শনিবার এই ঘটনা ঘটে। এতে পুকুরের  সুফলভোগী শতাধিক মত্স্যজীবী নিঃস্ব হয়ে গেছেন।

জানা গেছে, গ্রামের শতাধিক মত্স্যজীবী ১৫-১৬ লাখ টাকা ব্যয়ে ওই পুকুরে প্রায় ৬০ হাজার মনোসেক্স তেলাপিয়া, ৫০ হাজার সিলভার কাপ, ২০-২৫ হাজার রুইসহ অন্যান্য প্রজাতির মাছ চাষ করেন। মাছগুলো বড় হওয়ায় চলতি  সপ্তাহেই  বিক্রির জন্য প্রস্তুতি চলছিল।  মত্স্যচাষী সমিতির সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় মত্স্যচাষী আব্দুল হাই ও বৃদ্ধ হযরত আলী কান্না জড়িত কণ্ঠে এই ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন। এ ব্যাপারে তাড়াশ থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়নি।