মুরাদনগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের হারপাকনা গ্রামে গতকাল রবিবার ভোর রাতে মোলাম মাওলা (৪৩) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃত গোলাম মাওলা হারপাকনা (সাকার বাড়ি) গ্রামের মৃত নূরু মিয়া সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, নূরু মিয়া একজন কৃষি জমি সেচ ব্যবসায়ী। সেচ কাজে রাতে তিনি ও তার সহযোগী একই গ্রামের মৃত আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে মজিব মিয়া মাঠে কাজ করছিলেন। এসময় একদল দুর্বৃত্ত এসে তাদের হাত-পা বেঁধে মারধর করে ও গোলাম মাওলাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গোলাম মাওলার মৃত্যু হয়। 
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।